Site icon northeast8.com

তিন দফা দাবি মেনে নেওয়ায় আগামীকালের বন্ধ প্রত্যাহার

আগরতলা : তিন দফা দাবি মেনে নেওয়ায় আগামীকাল ঘোষিত বন্ধ কর্মসূচি প্রত্যাহার করে নিল আত্মসমর্পণকারী বৈরীদের সংগঠন ত্রিপুরা গেরিলা রিটার্নিজ ডিমান্ড কমিটি।বৃহস্পতিবার জনজাতি কল্যাণ দফতরে রাজ্যের জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা-র সঙ্গে বৈঠকের পর সংগঠনের মেম্বার সেক্রেটারি অমৃত রিয়াং এ কথা জানান।বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অমৃত রিয়াং বলেন, সরকারের পক্ষ থেকে সংগঠনের উত্থাপিত তিন দফা দাবির প্রতি ইতিবাচক সাড়া দেওয়া হয়েছে। দাবিগুলির মধ্যে পুনর্বাসন সংক্রান্ত বকেয়া সুবিধা প্রদান, স্থায়ী জীবিকার ব্যবস্থা এবং অন্যান্য প্রাপ্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়ে আশ্বাস দেওয়া হয়েছে বলে তিনি জানান। তিনি আরও বলেন, “সরকার আমাদের দাবিগুলি গুরুত্ব সহকারে বিবেচনা করেছে এবং দ্রুত বাস্তবায়নের আশ্বাস দিয়েছে। সেই কারণে বৃহত্তর জনস্বার্থে আগামীকালের বন্ধ কর্মসূচি প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারের সঙ্গে আলোচনার প্রক্রিয়া ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং প্রতিশ্রুতি বাস্তবায়নের অগ্রগতি পর্যবেক্ষণ করা হবে।

Exit mobile version