আগরতলা, ৯ জুলাই ২০২৬ : হাঁপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে শুরু হওয়া দু’দিনব্যাপী ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ-২০২৬-এর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা। অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল এবং ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য এম. সিন্ধিয়া।উদ্বোধনী ভাষণে মুখ্যমন্ত্রী জানান, গত কয়েক বছরে ত্রিপুরায় ৩০ হাজার কোটিরও বেশি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে, যার মধ্যে ৮,০০০ কোটির বেশি টাকার প্রকল্পের বাস্তবায়ন ইতিমধ্যেই শুরু হয়েছে। তিনি বলেন, কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে সড়ক, রেল, বিমানবন্দর, ডিজিটাল সংযোগ ও অন্যান্য পরিকাঠামো উন্নয়নের ফলে ত্রিপুরা দেশের অন্যতম দ্রুত উন্নয়নশীল রাজ্যে পরিণত হয়েছে।
মুখ্যমন্ত্রী জানান, কনক্লেভে দেশ-বিদেশের ১,২০০-রও বেশি শিল্পপতি, উদ্যোক্তা ও বিনিয়োগকারী অংশ নিয়েছেন। ১ লক্ষ কোটি টাকার সম্ভাব্য বিনিয়োগের লক্ষ্যে ২৫০-রও বেশি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে।
তিনি রাবার, বাঁশ, আগর, প্রাকৃতিক গ্যাস, মৎস্য, পশুপালন, চা শিল্প, পর্যটন, স্বাস্থ্যসেবা, তথ্যপ্রযুক্তি, স্টার্টআপ ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বিপুল বিনিয়োগের সুযোগ তুলে ধরেন। পাশাপাশি ত্রিপুরার কৌশলগত ভৌগোলিক অবস্থান, বাংলাদেশ সীমান্ত সংযোগ এবং উন্নত যোগাযোগ ব্যবস্থাকে বিনিয়োগের বড় সুবিধা হিসেবে উল্লেখ করেন।
ভার্চুয়াল বক্তব্যে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেন, ত্রিপুরার প্রাকৃতিক সম্পদ, দক্ষ মানবসম্পদ, ডিজিটাল পরিকাঠামো ও বিনিয়োগবান্ধব পরিবেশ রাজ্যটিকে নতুন শিল্প ও বাণিজ্যের কেন্দ্র হিসেবে গড়ে তুলছে। ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াও ত্রিপুরাকে দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রবেশদ্বার উল্লেখ করে বিনিয়োগকারীদের রাজ্যের উন্নয়নের অংশীদার হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে শিল্প ও বাণিজ্য মন্ত্রী সান্ত্বনা চাকমা, মন্ত্রিসভার সদস্যবৃন্দ, বিভিন্ন দেশের কূটনৈতিক প্রতিনিধি, শিল্পপতি ও বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন। এদিন প্রতীকীভাবে কয়েকটি সমঝোতা স্মারকও হস্তান্তর করা হয়।
