Site icon northeast8.com

জ্যাকশন গেইট পুনর্নির্মাণের ভূমিপূজন ও ভিত্তিপ্রস্তর স্থাপন, নগর উন্নয়নে রাজ্য সরকার বদ্ধপরিকর: মুখ্যমন্ত্রী

আগরতলা : রাজ্য সরকার আগরতলা সহ সমগ্র রাজ্যের নগর এলাকাগুলিকে আধুনিক পরিষেবার সঙ্গে যুক্ত করে মানুষের কাছে সমস্ত মৌলিক পরিষেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা। তিনি বলেন, নগর পরিকাঠামোর মানোন্নয়নের পাশাপাশি রাজন্য আমলের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণেও সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।মঙ্গলবার মহারাণী তুলসীবতী উচ্চমাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে ঐতিহাসিক জ্যাকশন গেইট পুনর্নির্মাণের ভূমিপূজন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এবং আগরতলা পুরনিগমের ২০ নম্বর ওয়ার্ডের নবনির্মিত দ্বিতল ওয়ার্ড কার্যালয় ভবনের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী একথা বলেন।

মুখ্যমন্ত্রী জানান, আগরতলা শহরের রাজন্য ইতিহাসের সঙ্গে যুক্ত বিভিন্ন ঐতিহাসিক স্থান পুনরুদ্ধার ও পুনর্নির্মাণের মাধ্যমে আগামী প্রজন্মের কাছে শহরের গৌরবময় অতীত তুলে ধরতে সরকার সচেষ্ট। মানুষের মতামতকে গুরুত্ব দিয়েই আগরতলাকে একটি অত্যাধুনিক ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে।

উল্লেখ্য, মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের শাসনকালে বাংলার তৎকালীন গভর্নর স্যার ফ্রান্সিস স্টেনলি জ্যাকশনকে আগরতলায় স্বাগত জানানোর উদ্দেশ্যে জ্যাকশন গেইট নির্মিত হয়েছিল। এই পুনর্নির্মাণ প্রকল্পকে অতীত ইতিহাস ও সংস্কৃতিকে সম্মান জানানোর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।তিনি আরও জানান, ২০২৫ সালে অমরুত ২.০ প্রকল্পের অধীনে আগরতলা পুরনিগম এলাকায় নগরোন্নয়ন দপ্তরের মাধ্যমে প্রায় ১১২ কোটি টাকা ব্যয়ে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। পুরনিগমের বিভিন্ন ওয়ার্ডে পানীয় জলের পরিষেবা সম্প্রসারিত হয়েছে। আর্থিকভাবে দুর্বল মানুষের জন্য টুডা প্রকল্পের মাধ্যমে লাইট হাউস প্রকল্পে ফ্ল্যাট প্রদান করা হচ্ছে।মুখ্যমন্ত্রী বলেন, আগরতলা স্মার্ট সিটি মিশনের আওতায় ৫৮১ কোটি টাকা ব্যয়ে ৬৫টি প্রকল্প সম্পন্ন হয়েছে। নগরোন্নয়নে উল্লেখযোগ্য সাফল্যের জন্য কেন্দ্র সরকার ত্রিপুরাকে সেরা পারফরমার রাজ্য হিসেবে পুরস্কৃত করেছে। পাশাপাশি স্বচ্ছ ভারত মিশনে রাজ্য মোস্ট ক্লিন স্টেট হিসেবেও স্বীকৃতি পেয়েছে। পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি শহরাঞ্চলে মহিলাদের আত্মনির্ভর করে তোলার দিকেও বিশেষ নজর দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে আগরতলা পুরনিগমের মেয়র ও বিধায়ক দীপক মজুমদার বলেন, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আগরতলা শহরের পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি ঐতিহাসিক স্থানগুলির পুনরুদ্ধারের কাজ ধারাবাহিকভাবে চলছে। নাগরিক পরিষেবা আরও উন্নত করতে বিভিন্ন ওয়ার্ড অফিসের সংস্কারও করা হচ্ছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আগরতলা পুরনিগমের সেন্ট্রাল জোনের চেয়ারম্যান রত্না দত্ত, পূর্ত দপ্তরের সচিব কিরণ গিত্য়ে। উপস্থিত ছিলেন নগরোন্নয়ন দপ্তরের সচিব মিলিন্দ রামটেক, পূর্ত দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার রাজীব মজুমদার। স্বাগত ভাষণ প্রদান করেন আগরতলা পুরনিগমের কমিশনার সাজু বাহিদ এ.।

Exit mobile version