Site icon northeast8.com

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আগরতলায় ইন্ডিয়া ব্লকের শক্তি প্রদর্শন

আগরতলা, ৩০ অক্টোবর, ২০২৬ : মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটাধিকার রক্ষার দাবিতে আগরতলায় প্রতিবাদ মিছিল করল ইন্ডিয়া ব্লক। শুক্রবার ‘ভোট বাঁচাও, দেশ বাঁচাও’ স্লোগানকে সামনে রেখে ত্রিপুরার আটটি বিরোধী রাজনৈতিক দলের যৌথ উদ্যোগে এই মিছিলের আয়োজন করা হয়।এদিন আগরতলার ওরিয়েন্ট চৌমুহনী থেকে জাতীয় পতাকা হাতে মিছিল শুরু হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, বিরোধী দলনেতা তথা সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন, প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা-সহ বিভিন্ন বিরোধী দলের নেতা, কর্মী ও সমর্থকরা।সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে জিতেন্দ্র চৌধুরী বলেন, সংবিধান, গণতন্ত্র ও দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলির মর্যাদা রক্ষায় বিরোধী শক্তিগুলিকে ঐক্যবদ্ধ হতে হবে। সাধারণ মানুষের ভোটাধিকার সুরক্ষিত রাখা এবং বিরোধী প্রার্থীদের অবাধে নির্বাচনে অংশগ্রহণের পরিবেশ নিশ্চিত করাই এই আন্দোলনের অন্যতম লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।অন্যদিকে, কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন অভিযোগ করেন, রাজ্যে বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন বা এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে দুই লক্ষেরও বেশি ভোটারের নাম বাদ দেওয়ার পরিকল্পনা রয়েছে। সংবিধানের ১৪ ও ৩২৬ নম্বর অনুচ্ছেদের উল্লেখ করে তিনি ভোটাধিকার রক্ষার দাবি জানান। পাশাপাশি নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষেত্রে পূর্বের পদ্ধতি ফিরিয়ে আনারও দাবি তোলেন।প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও সাংবিধানিক অধিকার রক্ষার প্রশ্নে মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। আন্দোলনে যুবক ও ছাত্রছাত্রীদের অংশগ্রহণকে স্বাগত জানিয়ে তিনি মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি পুনরায় তুলে ধরেন।প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারও ভোটাধিকার, গণতন্ত্র, সংবিধান এবং দেশের ঐক্য ও অখণ্ডতা রক্ষার স্বার্থে এই আন্দোলনকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।সমাবেশ থেকে বিরোধী নেতারা ত্রিপুরার পাশাপাশি সারা দেশেই ইন্ডিয়া ব্লকের ঐক্য আরও মজবুত করার আহ্বান জানান।

Exit mobile version