Site icon northeast8.com

জাতীয় লোক আদালতে ত্রিপুরায় ২৫ হাজারের বেশি মামলার শুনানি

আগরতলা, ৯ মে, ২০২৬ : শনিবার সারা ভারতবর্ষের অন্যান্য রাজ্যের সঙ্গে ত্রিপুরাতেও অনুষ্ঠিত হয় জাতীয় লোক আদালত। এদিন ট্রাফিক চালান, ব্যাংক ঋণ, দেওয়ানি বিবাদ এবং আপসযোগ্য ফৌজদারি মামলাসহ বিভিন্ন বিচারাধীন ও প্রাক-মোকদ্দমা সংক্রান্ত মামলার নিষ্পত্তির জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়।সাধারণ মানুষের হয়রানি কমানো এবং দীর্ঘদিন ধরে বিচারাধীন মামলাগুলির দ্রুত নিষ্পত্তির লক্ষ্যেই এ ধরনের লোক আদালতের আয়োজন করা হয়ে থাকে। এতে আদালতের বাইরে আপস-মীমাংসার মাধ্যমে দ্রুত সমস্যার সমাধান করার সুযোগ পান সাধারণ মানুষ।এই প্রসঙ্গে ত্রিপুরা স্টেট লিগ্যাল সার্ভিস অথরিটির ডেপুটি সেক্রেটারি রাজর্ষি চক্রবর্তী জানান, সারা দেশের সঙ্গে সামঞ্জস্য রেখে রাজ্যেও এদিন দ্বিতীয় জাতীয় লোক আদালতের আয়োজন করা হয়েছে। এই লোক আদালতে মোট ২৫ হাজার ৫১৪টি বিভিন্ন ধরনের মামলা শুনানির জন্য তোলা হয়।তিনি আরও জানান, রাজ্যের মোট ৪৫টি আদালতে এদিন মামলাগুলির শুনানির ব্যবস্থা করা হয়। পাশাপাশি সাধারণ মানুষকে বিনা আইনি খরচে দ্রুত বিচার ও আপস-মীমাংসার সুযোগ গ্রহণের জন্য জাতীয় লোক আদালতে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

Exit mobile version