Site icon northeast8.com

জটিল রোগের চিকিৎসায় সহায়তার আশ্বাস, মুখ্যমন্ত্রী সমীপেষুতে একাধিক আবেদন

আগরতলা, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ : রাজ্যবাসীকে উন্নত ও স্বল্প ব্যয়ে চিকিৎসা পরিষেবা দেওয়ার লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী (ডা.) মানিক সাহা। বুধবার মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে অনুষ্ঠিত ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’-র ৭৩তম পর্বে বিভিন্ন জটিল রোগের চিকিৎসায় সহায়তার আবেদন নিয়ে আসা মানুষের সঙ্গে কথা বলেন তিনি এবং প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দেন।

এদিন সিপাহীজলা জেলার কোনাবন থেকে ফুলদেবী দেববর্মা ছেলের হৃদরোগের চিকিৎসায় সহায়তার আবেদন জানান। বিষয়টি শুনে দিল্লির এইমসের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

দক্ষিণ ত্রিপুরার দক্ষিণ শ্রীরামপুরের খোকন পাল স্ত্রীর জটিল মস্তিষ্কের রোগের চিকিৎসার জন্য সহায়তা চান। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় দ্রুত চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে, ভাটি অভয়নগরের বৃদ্ধা জয়া পাল মজুমদার চিকিৎসা ও আর্থিক সহায়তার আবেদন জানালে সরকারি ভাতার পাশাপাশি তাঁর চিকিৎসার ব্যবস্থা করার আশ্বাস দেওয়া হয়।

টাউন বড়দোয়ালির মৌসুমী ভট্টাচার্য নিজের কিডনিজনিত জটিল রোগের চিকিৎসায় সহায়তা চান। তাঁর কিডনি প্রতিস্থাপনের বিষয়েও প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। এছাড়া অরুন্ধতীনগরের পিছু দেবনাথ এবং মোহনপুর-রাণীরবাজারের অর্পিতা দেবনাথ তাঁদের সন্তানদের পা ও মস্তিষ্কের জটিল রোগের চিকিৎসায় সহায়তার আবেদন জানান। সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

এছাড়াও গোকুলনগরের জয়ন্ত দেবনাথ, জিরানীয়ার অফিসটিলার সুমন দাস এবং বিশালগড়ের অভিজিৎ সাহা যথাক্রমে কিডনি, হৃদযন্ত্র ও লিভারের জটিল রোগের চিকিৎসায় সহায়তার আবেদন জানান। তাঁদের বিষয়েও দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেওয়া হয়।

মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে চিকিৎসা পরিষেবার পরিকাঠামো উন্নত হওয়ায় বর্তমানে জটিল চিকিৎসা এবং অঙ্গ প্রতিস্থাপনও সফলভাবে করা সম্ভব হচ্ছে। টেলিমেডিসিনের মাধ্যমে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর সচিব কিরণ গিত্যে, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের অতিরিক্ত সচিব তপন দাস, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডা. দেবাশি দেববর্মা, জিবিপি হাসপাতালের মেডিক্যাল সুপার ডা. বিধান গোস্বামী, আইজিএম হাসপাতালের মেডিক্যাল সুপার ডা. নির্মল সরকার, অটল বিহারী বাজপেয়ী রিজিওন্যাল ক্যান্সার হাসপাতালের মেডিক্যাল সুপার ডা. শিরমণি দেববর্মা সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা।

Exit mobile version