Site icon northeast8.com

চৈত্র সংক্রান্তিতে প্রতাপগড়ে ঐতিহ্যবাহী চড়ক পূজা, উপচে পড়া ভিড়

আগরতলা, ১৪ এপ্রিল : এক মাসব্যাপী কঠোর ব্রত পালনের পর চৈত্র মাসের শেষ দিন অর্থাৎ চৈত্র সংক্রান্তিতে প্রতাপগড় ঋষি কলোনিতে অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী চড়ক পূজা। ভক্তদের ঢল এবং উৎসবের আবহে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, আসাম ও বাংলাদেশের বাঙালি হিন্দুদের অন্যতম প্রাচীন ও জনপ্রিয় এই লোকউৎসব মূলত শিবের গাজনের অংশ। ভগবান শিবের আরাধনায় সন্ন্যাসীরা দীর্ঘ এক মাস কঠোর ব্রত পালন করেন। সংক্রান্তির দিন তারা কাঁটাঝাঁপ, অগ্নিপরীক্ষা এবং চড়ক গাছে পিঠে হুক বসিয়ে ঘোরার মতো দুঃসাহসিক আচার পালন করেন। এসব আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে পুরোনো বছরের পাপ মোচন এবং নতুন বছরের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। স্থানীয় বাসিন্দাদের বিশ্বাস, নিষ্ঠার সঙ্গে শিবের আরাধনা করলে জীবনের গ্লানি দূর হয় এবং নতুন বছরে আসে মঙ্গল ও সমৃদ্ধি।চড়ক পূজাকে কেন্দ্র করে প্রতাপগড় ঋষি কলোনিতে বসে জমজমাট মেলা। বিভিন্ন দোকান, খাদ্য স্টল এবং লোকসংস্কৃতির আয়োজন মেলাকে করে তোলে আরও আকর্ষণীয়। দূরদূরান্ত থেকে বহু মানুষ এই উৎসবের বিরল আচার প্রত্যক্ষ করতে ভিড় জমান।

ঐতিহ্য, ভক্তি এবং লোকসংস্কৃতির এক অনন্য মেলবন্ধন হিসেবে চড়ক পূজা আজও মানুষের মনে গভীর প্রভাব বিস্তার করে।

Exit mobile version