আগরতলা : শনিবার চিলড্রেন পার্ক সংলগ্ন এলাকায় হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ধোঁয়া দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা।স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে এলাকাবাসীরাই ধোঁয়া দেখতে পান এবং সঙ্গে সঙ্গে দমকল বাহিনীকে খবর দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় বটতলা দমকল বাহিনীর একটি ইঞ্জিন। দমকল কর্মীরা পৌঁছেই আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেন।
দমকলের তৎপরতায় অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানা গেছে। প্রাথমিকভাবে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট বা অন্য কোনও কারণ থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। দমকল সূত্রে জানানো হয়েছে, দ্রুত পদক্ষেপ নেওয়ার ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। এলাকায় পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।
