আগরতলা, ১৮ জুলাই, ২০২৬: আগামী ২২ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত পুরাতন আগরতলার ঐতিহাসিক চতুর্দশ দেবতা মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে সাত দিনব্যাপী ঐতিহ্যবাহী খারচি পূজা ও মেলা। এই উপলক্ষে শুক্রবার মেলা প্রাঙ্গণ পরিদর্শন করেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডাঃ বিশাল কুমার এবং পুলিশ সুপার নমিত পাঠক। তাঁদের সঙ্গে প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।পরিদর্শনকালে মেলার সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, যান চলাচল নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা, পানীয় জলের ব্যবস্থা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং দর্শনার্থীদের জন্য বিভিন্ন নাগরিক পরিষেবার প্রস্তুতি খতিয়ে দেখা হয়। সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে প্রয়োজনীয় নির্দেশনাও দেন প্রশাসনিক কর্তারা।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যের অন্যতম ঐতিহ্যবাহী এই ধর্মীয় উৎসবকে ঘিরে বিপুল সংখ্যক ভক্ত ও দর্শনার্থীর সমাগমের কথা মাথায় রেখে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। খারচি পূজা ও মেলা যাতে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন হয়, সে লক্ষ্যে প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে।
