Site icon northeast8.com

কেন্দ্রীয় সরকারের পদক্ষেপের বিরুদ্ধে দেশজুড়ে পেনশনারদের আন্দোলন, ত্রিপুরায় গণধর্ণা

আগরতলা : কেন্দ্রীয় সরকারের সাম্প্রতিক পদক্ষেপের বিরুদ্ধে দেশজুড়ে কেন্দ্রীয় সরকারি পেনশনাররা ঐক্যবদ্ধ আন্দোলনে শামিল হয়েছেন। প্রায় ৬১ লক্ষ পেনশনারদের যৌথ মঞ্চ Forum of Civil Pensioners Associations-এর আহ্বানে দেশের প্রতিটি রাজ্যে গঠিত হয়েছে রাজ্যস্তরীয় ফোরাম।এই ধারাবাহিকতায় রাজ্যেও গঠিত হয়েছে Tripura Forum of Civil Pensioners Association। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ২০২৫ সালের মার্চ মাস থেকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দাবিদাওয়া আদায়ের আন্দোলন জোরদার করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে গণধর্ণা, মানববন্ধন,সেমিনার, রাজ্যপালের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি সনদ প্রেরণ, সাংসদদের মাধ্যমে সংসদে দাবির পক্ষে বক্তব্য উত্থাপন, প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে পোস্টকার্ড প্রেরণ ও গণস্বাক্ষর সংগ্রহ, সাংবাদিক সম্মেলন প্রভৃতি।সর্বভারতীয় কর্মসূচির অঙ্গ হিসেবে শুক্রবার দেশজুড়ে কেন্দ্রীয় সরকারের সংস্কারের বিরুদ্ধে ধর্ণা-বিক্ষোভ সংগঠিত হয়। ত্রিপুরায় সংগঠনের আহ্বানে ওইদিন আকাশবাণী ভবনের উল্টোদিকে, রাজবাড়ীর উত্তর গেট সংলগ্ন স্থানে দু’ঘণ্টাব্যাপী গণধর্ণা অনুষ্ঠিত হয়।গণধর্ণায় সংগঠনের নেতৃবৃন্দ বলেন, এই লড়াই শুধুমাত্র পেনশনারদের নয়। কেন্দ্রীয় ও বিভিন্ন রাজ্য সরকারের অর্থনৈতিক নীতির ফলে দেশের বিভিন্ন অংশের মানুষ প্রভাবিত হচ্ছেন এবং পেনশনাররাও তার ব্যতিক্রম নন। তাই ঐক্যবদ্ধভাবে এই ‘অর্থনৈতিক আক্রমণ’-এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।ফোরামের পক্ষ থেকে জনসাধারণের সমস্ত অংশের কাছে তাঁদের ন্যায্য দাবির সমর্থনে সহযোগিতা কামনা করা হয়েছে।

Exit mobile version