আগরতলা : কেন্দ্রীয় বাজেট ২০২৬-২৭-কে তীব্র ভাষায় কটাক্ষ করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। বুধবার আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা অভিযোগ করেন, এই বাজেট গরিব ও মধ্যবিত্ত মানুষের জন্য নয়, বরং ধনী শ্রেণির স্বার্থরক্ষায় তৈরি করা হয়েছে।সাংবাদিক সম্মেলনে আশীষ কুমার সাহা বলেন, “এই বাজেটে সাধারণ মানুষের জন্য কোনও স্বস্তি নেই। মূল্যবৃদ্ধি, বেকারত্ব ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম নিয়ে কেন্দ্র সম্পূর্ণ নীরব। গরিব মানুষের জীবনে এই বাজেট কোনও ইতিবাচক পরিবর্তন আনবে না।”
তিনি আরও দাবি করেন, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ খাতে পর্যাপ্ত বরাদ্দ না থাকায় সাধারণ মানুষ আরও সংকটে পড়বে।
এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী। তিনি বলেন, “এটি একটি সম্পূর্ণ জনবিরোধী বাজেট। এই বাজেটের বিরুদ্ধে দেশজুড়ে ও রাজ্যব্যাপী মানুষকে ঐক্যবদ্ধ করে আন্দোলনে নামবে কংগ্রেস।”প্রবীর চক্রবর্তীর কথায়, কংগ্রেস মানুষের অধিকার রক্ষায় রাজপথে নামতে প্রস্তুত এবং কেন্দ্রীয় সরকারের এই নীতির বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলা হবে।
