আগরতলা : কেন্দ্রীয় বাজেটের বিরোধিতা এবং ট্রেড ইউনিয়নগুলোকে নিয়ে সুপ্রিম কোর্টের এক বিচারপতির সাম্প্রতিক মন্তব্যের প্রতিবাদে আগরতলা শহরে বিক্ষোভ মিছিল করল পাঁচটি বামপন্থী ট্রেড ইউনিয়ন, কিষান ফ্রন্টসহ বিভিন্ন গণসংগঠন। সোমবার শহরের গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে এই মিছিল অনুষ্ঠিত হয়।মিছিলে অংশগ্রহণকারীরা দাবি করেন, কেন্দ্রীয় বাজেট সাধারণ মানুষ, শ্রমিক, কৃষক ও খেটে খাওয়া মানুষের স্বার্থ উপেক্ষা করেছে। মূল্যবৃদ্ধি, বেকারত্ব এবং সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ কমানোর বিরুদ্ধে তাঁরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। পাশাপাশি ট্রেড ইউনিয়নগুলোর ভূমিকা ও আন্দোলন নিয়ে সুপ্রিম কোর্টের এক বিচারপতির মন্তব্যকে গণতান্ত্রিক অধিকার ও শ্রমিক আন্দোলনের উপর আঘাত বলে অভিহিত করেন বিক্ষোভকারীরা।মিছিল শেষে এক সংক্ষিপ্ত সভায় নেতারা বলেন, শ্রমিক ও কৃষকদের অধিকার রক্ষায় ট্রেড ইউনিয়ন আন্দোলন অপরিহার্য। এই আন্দোলনকে দুর্বল করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে তাঁরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন আরও তীব্র করারও হুঁশিয়ারি দেওয়া হয়।
