আগরতলা, ২৬ জুলাই, ২০২৬ : রাজ্যপাল ইন্দ্র সেনা রেডিড নাল্লু রবিবার ২৭তম কার্গিল বিজয় দিবস উপলক্ষে আগরতলার লিচুবাগানে অবস্থিত অ্যালবার্ট এক্কা যুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে সশস্ত্র বাহিনীর বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।ভারতীয় সেনাবাহিনীর উদ্যোগে এই গম্ভীর ও মর্যাদাপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কার্গিল যুদ্ধে ভারতের সার্বভৌমত্ব রক্ষায় আত্মোৎসর্গকারী বীর সেনানীদের প্রতি জাতির চিরন্তন কৃতজ্ঞতার নিদর্শন হিসেবে স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।এদিন রাজ্যপাল বীর নারীদের (বীর শহিদ সেনাদের সহধর্মিণী) সাহস, দৃঢ়তা এবং আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ তাঁদের সংবর্ধনাও জানান।অনুষ্ঠান শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নান্নু বলেন, “কার্গিল যুদ্ধে সর্বোচ্চ আত্মত্যাগকারী বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানাতেই আমরা আজ এখানে একত্রিত হয়েছি।”অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় সেনাবাহিনীর ঊর্ধ্বতন আধিকারিকবৃন্দ, আসাম রাইফেলস, সীমান্ত নিরাপত্তা বাহিনী (বিএসএফ) এবং কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (সিআরপিএফ) কর্মকর্তারা, পশ্চিম ত্রিপুরার জেলাশাসক, পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা এবং অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ।
