আগরতলা : কয়লার জোগান বন্ধ হয়ে যাওয়ায় আগামী কয়েক দিনের মধ্যেই ত্রিপুরার সমস্ত ইটভাটায় উৎপাদন সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যেতে পারে। এই আশঙ্কাকে সামনে রেখে আজ আগরতলায় নিজেদের কার্যালয়ে জরুরি বৈঠক করে ত্রিপুরা ব্রিক ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশন।অ্যাসোসিয়েশনের সদস্যরা জানান গত কয়েক সপ্তাহ ধরে রাজ্যে পর্যাপ্ত কয়লা সরবরাহ না হওয়ায় অধিকাংশ ইটভাটায় উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বর্তমানে অনেক ভাট্টায় মজুত কয়লা প্রায় শেষের পথে। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে আগামী কয়েক দিনের মধ্যে রাজ্যের সব ইটভাটাই বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।সোমবার বৈঠকে উপস্থিত সদস্যরা জানান, কয়লার দাম বৃদ্ধি এবং সরবরাহে অনিয়ম—দুইয়ের জেরেই এই সঙ্কট তৈরি হয়েছে। ইটভাটা শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত হাজার হাজার শ্রমিকের কর্মসংস্থান হুমকির মুখে পড়তে পারে বলেও উদ্বেগ প্রকাশ করেন তারা।অ্যাসোসিয়েশনের এক পদাধিকারী বলেন, “এই পরিস্থিতি চলতে থাকলে নির্মাণ শিল্পে বড় ধরনের প্রভাব পড়বে। বাজারে ইটের সঙ্কট দেখা দিতে পারে এবং দামও বাড়তে পারে।”বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, দ্রুত সমস্যার সমাধানের দাবিতে রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা করা হবে। প্রয়োজনে প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে স্মারকলিপিও দেওয়া হবে বলে জানানো হয়েছে।এদিকে, ইটভাটা বন্ধ হয়ে গেলে রাজ্যের নির্মাণকাজ কার্যত স্থবির হয়ে পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। এখন কয়লা সরবরাহ স্বাভাবিক হয় কি না, সেদিকেই তাকিয়ে ইটভাটা মালিকরা।
