আগরতলা, ২ এপ্রিল : আগামী ১২ এপ্রিল অনুষ্ঠিত হতে চলা এডিসি নির্বাচনকে সামনে রেখে রাজ্যে এসে পৌঁছাল প্রায় ৩৫০০টি ইভিএম মেশিন। বৃহস্পতিবার মধ্যপ্রদেশ থেকে এই ইভিএমগুলি আনা হয় বলে জানিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনের সচিব অনুরাগ সেন।তিনি জানান, উমাকান্ত স্কুল মাঠে আপাতত মেশিনগুলি রাখা হয়েছে এবং সেখান থেকেই আজই রাজ্যের বিভিন্ন জেলার স্ট্রং রুমে পাঠিয়ে দেওয়া হবে সম্পূর্ণ নিরাপত্তার সঙ্গে। নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এই ইভিএমগুলিকে দ্রুত সংশ্লিষ্ট জেলাগুলিতে পৌঁছে দেওয়ার কাজ শুরু হয়েছে। রাজ্য নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, এডিসি নির্বাচনের প্রস্তুতি ইতিমধ্যেই জোরকদমে চলছে এবং ইভিএম বণ্টন তারই একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রশাসনের পক্ষ থেকে সমস্ত রকম নিরাপত্তা ও নজরদারির ব্যবস্থা করা হয়েছে যাতে নির্বাচন নির্বিঘ্নে সম্পন্ন করা যায়।
