আগরতলা, ১৫ অক্টোবর, ২০২৬ : ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের পশ্চিম জেলা মিশন ম্যানেজমেন্ট ইউনিট ও জেলা প্রশাসনের যৌথ ব্যবস্থাপনায় উমাকান্ত ইংরেজি মাধ্যম বিদ্যালয় প্রাঙ্গণে আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে প্রথমবার ফুড ফেস্টের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি তথা উদ্বোধক রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য বৃহস্পতিবার প্রদীপ প্রজ্জ্বলন করে ৭দিনব্যাপী ফুড ফেস্টের সূচনা করেন।অনুষ্ঠানে রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, এই ফুড ফেস্টে আনন্দ ও খাদ্যের স্বাদ উপভোগ করার সাথে স্বসহায়ক দলগুলি তাদের তৈরি খাদ্য সামগ্রী বিক্রয়ের স্থান পেয়েছে। স্বসহায়ক দলগুলির তৈরি পণ্য সামগ্রী যাতে রাজ্যের বাইরেও বিক্রির করা যেতে পারে তারজন্য রাজ্য সরকার বিভিন্নভাবে কাজ করে চলছে। মহিলাদের আর্থিক সহায়তার পাশাপাশি আত্মনির্ভর করার লক্ষ্যে সরকার বদ্ধপরিকর। সমাজের মহিলারা এগিয়ে আসলে পরিবার, সমাজ, রাজ্য, দেশের অগ্রগতি নিশ্চিত। প্রতিটি মহিলা আত্মনির্ভর হলে রাজ্যের উন্নয়নের পথ প্রশস্ত হবে এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা ও বিকশিত ত্রিপুরা গড়ে উঠবে।পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল বক্তব্য রাখতে গিয়ে বলেন, স্বসহায়ক দলের উৎপাদিত পণ্য সামগ্রী যাতে দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করা যায় এবং অর্থনৈতিকভাবে মহিলারা স্বাবলম্বী হয়ে উঠে তারজন্য সরকার প্রতিনিয়ত কাজ করে চলছে।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পশ্চিম জেলার অতিরিক্ত জেলাশাসক রাকেশ দেববর্মা। অনুষ্ঠানে পশ্চিম জেলার অন্তর্গত মোট ৩১টি ক্লাস্টারকে সংবর্ধনা দেওয়া হয়। এই ফুড ফেস্টে স্বসহায়ক মহিলাদের মোট ১৭টি ফুড স্টল খোলা হয়েছে। ৭দিনব্যাপী এই ফুড ফেস্টে বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার শিল্পীদের দ্বারা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, পুতুল নাচ ও ব্যান্ড শো পরিবেশিত হবে। অনুষ্ঠানে ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের অতিরিক্ত মুখ্য কার্যনির্বাহী আধিকারিক শুভব্রত ভট্টাচার্য, ডিসিএম অভিজিৎ দাস, উত্তম কুমার ভৌমিক প্রমুখ উপস্থিত ছিলেন।
