আগরতলা : ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন-এর উদ্যোগে আয়োজিত প্রথম ত্রিপুরা স্টেট গেমস আগামী ২২শে ফেব্রুয়ারি থেকে ২৪শে ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত হবে। তিন দিনব্যাপী এই ক্রীড়া প্রতিযোগিতায় মোট ১৮টি ইভেন্টে অংশ নেবেন রাজ্যের বিভিন্ন জেলার ক্রীড়াবিদরা।এই উপলক্ষে আজ উজ্জয়ন্ত প্রাসাদ তথা রাজবাড়ীর সামনে থেকে সমগ্র রাজ্যের প্রত্যেকটি জেলা সদরে প্রদর্শনের লক্ষ্যে প্রথম পর্বের ম্যাসকট র্যালির শুভ সূচনা করা হয়।র্যালির উদ্বোধন করেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। উপস্থিত ছিলেন ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সম্পাদক সুজিত রায়, ত্রিপুরা স্পোর্টস কাউন্সিল-এর সচিবসহ ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।এদিন মন্ত্রী টিঙ্কু রায় পতাকা নেড়ে ম্যাসকট র্যালির আনুষ্ঠানিক সূচনা করেন। রাজ্যজুড়ে ক্রীড়া চেতনা জাগিয়ে তুলতে এবং স্টেট গেমসকে সফল করতে এই ম্যাসকট র্যালি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে উদ্যোক্তারা জানান।
