আগরতলা : রামনগর চার নম্বর রাস্তার শেষ প্রান্তে অবস্থিত ঈদগাহ রিয়াদুল জান্নাহ জামে মসজিদের নতুন কমিটি গঠন উপলক্ষে শনিবার মসজিদ প্রাঙ্গণে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।
সাংবাদিক সম্মেলনে জানানো হয়, মসজিদটি দীর্ঘদিন ধরে এলাকার দুস্থ ও অসহায় মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। রক্তদান কর্মসূচি, দুঃস্থ ছাত্র-ছাত্রীদের পড়াশোনার সহায়তা, পাশাপাশি অসুস্থ ও দরিদ্র রোগীদের চিকিৎসা সহায়তা প্রদানসহ নানা মানবিক কার্যক্রমে মসজিদ কমিটি সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছে।২০২৪ সালে গঠিত ৩০ সদস্যবিশিষ্ট কমিটিকে এলাকাবাসীর সর্বসম্মত মতামতের ভিত্তিতে আগামী তিন বছরের জন্য পুনরায় মনোনীত করা হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন কাজী প্লাবন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আমির হোসেন বাপন।সাংবাদিক সম্মেলনে সভাপতি কাজী প্লাবন বলেন, আগামী দিনগুলোতেও এই কমিটি মানুষের কল্যাণে এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবে।





