Site icon northeast8.com

আমবাসায় ছড়া থেকে উদ্ধার মানব কঙ্কাল, চাঞ্চল্য এলাকাজুড়ে

আমবাসা, ২৫ জুলাই ২০২৬ : ধলাই জেলার আমবাসা মহকুমার নতুন পল্লী এলাকায় চান্দ্রাই ছড়া থেকে একটি মানব কঙ্কাল উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার সকালে স্থানীয় বাসিন্দা খগেশ দেবনাথের জমিতে কাজ করতে গিয়ে শ্রমিকরা ছড়ার জল ও স্থল মিলিয়ে পড়ে থাকা মানব কঙ্কালটি দেখতে পান। পরে বিষয়টি জমির মালিককে জানানো হলে তিনি আমবাসা থানায় খবর দেন।খবর পেয়ে আমবাসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। ঘটনাস্থলে যান আমবাসা থানার ভারপ্রাপ্ত ওসি নন্দন দাস এবং ভারপ্রাপ্ত মহকুমা পুলিশ আধিকারিক কিশোর উঁচুই। পাশাপাশি ডিসিএম, ফরেনসিক টিম এবং ধলাই জেলা হাসপাতালের চিকিৎসকদেরও ঘটনাস্থলে ডাকা হয়। ডিসিএম পূজা রিয়াংয়ের উপস্থিতিতে ফরেনসিক বিশেষজ্ঞরা কঙ্কালটির প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করেন। পরে চিকিৎসক ঘটনাস্থলেই প্রাথমিক ময়নাতদন্ত সম্পন্ন করেন।ঘটনাস্থলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারপ্রাপ্ত মহকুমা পুলিশ আধিকারিক কিশোর উঁচুই জানান, সকালে নতুন পল্লী এলাকার চান্দ্রাই ছড়ায় একটি মানব কঙ্কাল পড়ে থাকার খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তিনি বলেন, তদন্তের মাধ্যমে কঙ্কালটির পরিচয় এবং কীভাবে সেখানে পৌঁছেছে তা জানার চেষ্টা চলছে।পুলিশের প্রাথমিক অনুমান, কঙ্কালটি প্রায় এক মাস বা তারও বেশি সময় আগের হতে পারে। দেহে কোনো মাংসের অংশ অবশিষ্ট নেই এবং জলের স্রোতে তা ধুয়ে যেতে পারে বলেও ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে এটি একজন পুরুষের কঙ্কাল বলে মনে করা হলেও, ফরেনসিক পরীক্ষার রিপোর্টের পরই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।ঘটনার পর নতুন পল্লী এলাকায় কৌতূহলী মানুষের ভিড় জমে যায়। মানব কঙ্কাল উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাটির সব দিক খতিয়ে দেখে তদন্ত চালিয়ে যাচ্ছে।

Exit mobile version