আগরতলা, ২৫ আগস্ট, ২০২৬ : চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী (ডা.) মানিক সাহা।
মঙ্গলবার প্রজ্ঞা ভবনে ৪২ জন জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার (জিডিএমও)-কে নিয়োগপত্র প্রদান এবং দন্ত চিকিৎসক ও কমিউনিটি হেলথ অফিসারদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের প্রতিটি মানুষের কাছে উন্নত চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে সরকার স্বাস্থ্য পরিকাঠামো সম্প্রসারণের পাশাপাশি চিকিৎসক নিয়োগে বিশেষ গুরুত্ব দিয়েছে।নবনিযুক্ত চিকিৎসকদের উদ্দেশে তিনি বলেন, চিকিৎসক পেশা শুধু চাকরি নয়, এটি মানুষের জীবন ও স্বাস্থ্যের সঙ্গে যুক্ত মহান দায়িত্ব। রোগীদের সঙ্গে মানবিক ও সহানুভূতিশীল আচরণ করার পাশাপাশি প্রতিটি রোগীকে পরিবারের সদস্যের মতো গুরুত্ব দিয়ে চিকিৎসা পরিষেবা দিতে হবে।মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে ইতিমধ্যে ৯টি কিডনি প্রতিস্থাপন সফল হয়েছে। আগামীদিনে হার্ট ও লিভার প্রতিস্থাপন পরিষেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। আমবাসায় মেডিক্যাল কলেজ স্থাপন, পৃথক হেলথ ইউনিভার্সিটি, আগরতলা ডেন্টাল কলেজকে উৎকর্ষ কেন্দ্র হিসেবে গড়ে তোলা এবং বিভিন্ন হাসপাতালের আধুনিকীকরণের কাজও এগিয়ে চলছে।স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে জানান, ৪২ জন জিডিএমও নিয়োগের ফলে গ্রামীণ ও প্রান্তিক এলাকায় চিকিৎসা পরিষেবা আরও শক্তিশালী হবে। অনুষ্ঠানে ‘স্বাস্থ্য সংবাদ’ স্মরণিকার আবরণ উন্মোচন ও ন্যাশনাল ওরাল হেলথ মিশনের উপর তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
