Site icon northeast8.com

আগামী ১৩ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত আগরতলার বাধারঘাটস্থিত দশরথ দেব স্টেট স্পোর্টস কমপ্লেক্সে অগ্নিবীর নিয়োগ র‍্যালি

আগরতলা, ১১ অক্টোবর, ২০২৬ : শিলচর আর্মি রিক্রুটিং অফিসের (ARO) তত্ত্বাবধানে এবং আগরতলার অসামরিক প্রশাসন ও সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটের সহযোগিতা আগামী ১৩ থেকে ১৭ অক্টোবর, ২০২৬ পর্যন্ত আগরতলার বাধারঘাটস্থিত দশরথ দেব স্টেট স্পোর্টস কমপ্লেক্সে অগ্নিবীর নিয়োগ সমাবেশ অনুষ্ঠিত হবে। এবছর এই নিয়োগ প্রক্রিয়ায় রেকর্ড সংখ্যক ৪,৮৮৫ জন প্রার্থী নাম নথিভুক্ত করেছেন, যা গত বছরের তুলনায় ৯২ শতাংশ বেশি। এর মধ্যে মোট ১,২০৩ জন প্রার্থী নিয়োগ সমাবেশে অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছেন, যা গত বছরের তুলনায় ৬২ শতাংশ বেশি।

পাঁচ দিনব্যাপী এই নিয়োগ সমাবেশে রাজ্যের সমস্ত জেলার প্রার্থীদের শারীরিক সক্ষমতা পরীক্ষা, স্বাস্থ্য পরীক্ষা এবং প্রয়োজনীয় নথিপত্র যাচাই করা হবে। শারীরিক সক্ষমতা পরীক্ষার অন্তর্ভুক্ত রয়েছে ১.৬ কিলোমিটার দৌড়, পুল-আপ, ৯ ফুট দীর্ঘ ডিচ অতিক্রম এবং জিগজ্যাগ ব্যালান্স পরীক্ষা। এর পর প্রার্থীদের শারীরিক পরিমাপ যাচাই করা হবে। ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে ইতিমধ্যেই নির্বাচিত প্রার্থীদের তাঁদের নিবন্ধিত ই-মেল আইডির মাধ্যমে অবহিত করা হয়েছে। শারীরিক সক্ষমতা যাচাইয়ের এই পর্যায়ে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় অ্যাডমিট কার্ডও পাঠানো হয়েছে।ভারতীয় সেনাবাহিনী অগ্নিপথ প্রকল্পের অধীনে স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া পরিচালনায় প্রতিশ্রুতিবদ্ধ। সমস্ত অগ্নিবীর প্রার্থীকে নিয়োগ প্রক্রিয়ার দ্বিতীয় পর্যায়ে অংশগ্রহণের জন্য আগরতলার বাধারঘাটস্থিত দশরথ দেব স্টেট স্পোর্টস কমপ্লেক্সে উপস্থিত থাকতে হবে। এই নিয়োগ সমাবেশ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আগরতলার অসামরিক প্রশাসন এবং রেড শিল্ড ডিভিশনের সেনা জওয়ানদের পক্ষ থেকে প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শিলচরস্থিত আর্মি রিক্রুটিং অফিস থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সংবাদ জানানো হয়েছে।

Exit mobile version