আগরতলা : দীর্ঘ বিরতির পর পুনরায় চালু হতে চলেছে আগরতলা-ঢাকা-কলকাতা মৈত্রী বাস পরিষেবা। বাংলাদেশের অস্থির রাজনৈতিক পরিস্থিতির কারণে ২০২৪ সালের সেপ্টেম্বর মাস থেকে পরিষেবাটি বন্ধ রাখা হয়েছিল। যাত্রীদের নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে জানানো হয়েছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে।
সম্প্রতি বাংলাদেশে তারেক রহমান-এর নেতৃত্বে নতুন স্থিতিশীল সরকার গঠনের পর ভারত ও বাংলাদেশের মধ্যে ভিসা প্রক্রিয়া সরলীকরণ করা হয়েছে। এর ফলেই পুনরায় চালুর পথে মৈত্রী বাস পরিষেবা।
শনিবার থেকে আগরতলা থেকে ঢাকা পর্যন্ত মৈত্রী বাসের ট্রায়াল রান শুরু হয়েছে। ট্রায়াল রান চলাকালীন পরিষেবার বিভিন্ন দিক খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে। আগামী ২৮ তারিখ থেকে যাত্রী নিয়ে নিয়মিতভাবে এই পরিষেবা পুনরায় চালু করা হবে। শনিবার ট্রায়াল রানের সময় এ কথা জানান সমর রায়, ভাইস চেয়ারম্যান, ত্রিপুরা সড়ক পরিবহন নিগম।উল্লেখ্য, আগরতলা-ঢাকা-কলকাতা মৈত্রী বাস পরিষেবা দুই দেশের মধ্যে যোগাযোগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সম্পর্ক জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। পরিষেবা পুনরায় চালু হওয়ায় যাত্রীদের মধ্যে স্বস্তি ও উৎসাহের সঞ্চার হয়েছে।
