আগরতলা, ২১ আগস্ট, ২০২৬ : রুট পারমিট না থাকার অভিযোগে আগরতলা শহর ও শহরতলির বিভিন্ন এলাকায় ইলেকট্রিক অটোরিক্সার বিরুদ্ধে বিশেষ অভিযান চালাল ত্রিপুরা ট্রাফিক পুলিশ। শুক্রবার অরুন্ধতীনগর এলাকায় চালানো অভিযানে শতাধিক ইলেকট্রিক অটোরিক্সা আটক করা হয়। আটক অটোগুলিকে অরুন্ধতীনগর পুলিশ মাঠে নিয়ে যাওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে পরে বিক্ষোভে সামিল হন ইলেকট্রিক অটোরিক্সা চালকরা।
ট্রাফিক পুলিশের দাবি, শহরের বিভিন্ন রাস্তায় যত্রতত্র ইলেকট্রিক অটোরিক্সা চলাচলের কারণে যানজটের সমস্যা তৈরি হচ্ছে। শহরের যানজট নিয়ন্ত্রণ এবং সুষ্ঠু যান চলাচল নিশ্চিত করতেই রুট পারমিটবিহীন অটোরিক্সার বিরুদ্ধে এই অভিযান চালানো হচ্ছে। শুক্রবার সকাল থেকেই আগরতলার বিভিন্ন এলাকায় অভিযান চালায় ট্রাফিক পুলিশ।
তবে পুলিশের এই অভিযানের বিরোধিতা করেছেন ইলেকট্রিক অটোরিক্সা চালকরা। তাঁদের বক্তব্য, ত্রিপুরা রাজ্য পরিবহন দপ্তর ইলেকট্রিক অটোরিক্সার জন্য আলাদা করে রুট পারমিট জারি করে না। ফলে রুট পারমিট না থাকার অভিযোগে তাঁদের অটোরিক্সা আটক করা নিয়ে প্রশ্ন তুলেছেন চালকরা।
চালকদের আরও দাবি, কেন্দ্র সরকারের নির্ধারিত নিয়ম অনুযায়ী ইলেকট্রিক অটোরিক্সার ক্ষেত্রে প্রচলিত অর্থে রুট পারমিটের প্রয়োজন হয় না। রাজ্যের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরীও বিভিন্ন সময়ে বিষয়টি স্পষ্ট করেছেন বলে দাবি তাঁদের।
এদিকে, একদিকে যানজট নিয়ন্ত্রণে পুলিশের অভিযান এবং অন্যদিকে ইলেকট্রিক অটোরিক্সা চালকদের রুট পারমিট সংক্রান্ত আপত্তিকে ঘিরে নতুন করে তৈরি হয়েছে বিতর্ক। আগামী দিনে এই সমস্যার সমাধানে প্রশাসন ও অটোচালকদের মধ্যে আলোচনার মাধ্যমে স্পষ্ট সিদ্ধান্তের দাবি উঠেছে।
