Site icon northeast8.com

আগরতলায় দশ দফা দাবিতে অঙ্গনওয়াড়ি কর্মী-সহায়িকাদের সড়ক অবরোধ

আগরতলা, ২০ আগস্ট, ২০২৬: দশ দফা দাবিতে বৃহস্পতিবার আগরতলায় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা। এদিন অভয়নগর এলাকায় সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের অধিকর্তার কার্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভের পাশাপাশি জিবি-অভয়নগর সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা।

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাঁদের বিভিন্ন সমস্যা সমাধানের দাবি জানানো হলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এদিন তাঁরা দশ দফা দাবি তুলে ধরেন।

আন্দোলনকারীদের অন্যতম দাবি, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের নিয়মিতকরণ। পাশাপাশি উচ্চ আদালতের রায় অনুযায়ী গ্র্যাচুইটি প্রদান এবং সুপারভাইজার পদে ৫০ শতাংশ নিয়োগের ক্ষেত্রে কর্মী ও সহায়িকাদের পদোন্নতির মাধ্যমে সুযোগ দেওয়ার দাবি জানানো হয়েছে।এছাড়াও ১০ হাজার টাকা পুজো বোনাস, পোষণ আহারের ফিডিং বিল প্রতি মাসে নিয়মিত প্রদান এবং মোবাইল রিচার্জের জন্য মাসিক ৩৫০ টাকা দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।আন্দোলনকারীদের আরও অভিযোগ, অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে খাদ্যসামগ্রী সরবরাহের জন্য যে অর্থ বরাদ্দ করা হয়, তা বর্তমান বাজারদরের তুলনায় পর্যাপ্ত নয়। বাজারমূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে পোষণ আহারের জন্য বরাদ্দ বৃদ্ধি করারও দাবি জানানো হয়েছে।এদিন অবস্থান বিক্ষোভস্থল থেকেই সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশন দেওয়া হয়। আন্দোলনকারীদের দাবি, তাঁদের উত্থাপিত দাবিগুলির যৌক্তিকতা অধিকর্তা স্বীকার করেছেন। পাশাপাশি বিষয়গুলি এদিনই রাজ্য সরকারের গোচরে আনা হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।দাবিগুলি দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের ইতিবাচক পদক্ষেপের প্রত্যাশা করছেন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা।

Exit mobile version