আগরতলা : আখাউড়া, মঙ্গলবার দীর্ঘদিন বন্ধ থাকার পর মঙ্গলবার আখাউড়া সীমান্ত দিয়ে পুনরায় ত্রিপুরায় প্রবেশ করল আগরতলা–কলকাতা ভায়া ঢাকা আন্তঃদেশীয় বাস পরিষেবা। সীমান্তে বাসটি পৌঁছালে যাত্রীদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।এই উপলক্ষে উপস্থিত ছিলেন ত্রিপুরার পরিবহনমন্ত্রী সুশান্ত চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন টি আর টি সি-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান সমর রায়, এমডি হেমন্ত দেববর্মা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।প্রসঙ্গত, ২০০১ সালে আগরতলা–কলকাতা ভায়া ঢাকা রুটে ‘মৈত্রী’ ও ‘শ্যামলী’ বাস পরিষেবা চালু হয়। দুই দেশের মধ্যে যোগাযোগ ও বাণিজ্য বৃদ্ধির ক্ষেত্রে এই পরিষেবা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিল। তবে বাংলাদেশের অস্থির পরিস্থিতির কারণে এবং যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ২০২৪ সালের সেপ্টেম্বর মাস থেকে পরিষেবাটি বন্ধ রাখা হয়েছিল।সম্প্রতি বাংলাদেশে তারেক রহমান-এর নেতৃত্বে স্থিতিশীল সরকার গঠনের পর ভারত ও বাংলাদেশের মধ্যে ভিসা প্রক্রিয়া সরলীকরণ করা হয়েছে। এর ফলে পুনরায় এই আন্তঃদেশীয় বাস পরিষেবা চালু হওয়ায় দুই দেশের যাত্রী সাধারণ বিশেষভাবে উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।দীর্ঘ বিরতির পর পরিষেবা চালু হওয়ায় যাত্রীদের মধ্যেও দেখা গেছে ব্যাপক উৎসাহ। সংশ্লিষ্ট মহলের মতে, এই উদ্যোগ দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সহায়ক হবে।
