Site icon northeast8.com

আখাউড়া রাস্তায় এস.টি.পি, চান্দনিমুড়ায় এম.আর.এফ. এবং ঊষাবাজারে জল শোধনাগার প্রকল্প পরিদর্শনে রাজ্যপাল

আগরতলা, ১৬ এপ্রিল : রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু আজ আখাউড়া রোডস্থিত সিউয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এস.টি.পি.), চান্দনিমুড়ায় অবস্থিত আরেকটি সিউয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট এবং মেটেরিয়াল রিকোভারি ফ্যাসিলিটি (এম.আর.এফ.) এবং ঊষাবাজারে অবস্থিত জল পরিশোধন প্রকল্প পরিদর্শন করেন। পরিদর্শনকালে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে রাজ্যপাল বলেন, আগরতলা একটি মর্যাদাপূর্ণ শহর। এই শহরের জনসাধারণের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ এবং নিরাপদ পানীয়জলের ব্যবস্থা নিশ্চিত করতে কাজ চলছে। আগরতলা শহরের পুকুরগুলির গভীরতা বাড়ানোর বিষয়ে তিনি গুরুত্ব আরোপ করেন।রাজ্যপাল ফায়ার ব্রিগেড চৌমুহনিতে পৌঁছালে আগরতলা পুরনিগমের কমিশনার সাজু বাহিদ রাজ্যপালকে স্বাগত জানান। তিনি আখাউড়া খালের সঙ্গে যুক্ত হওয়া স্টর্মওয়াটার ড্রেনেজ ব্যবস্থা সম্পর্কে রাজ্যপালকে বিস্তারিত অবহিত করেন। এরপর রাজ্যপাল আখাউড়া রোডে অবস্থিত এস.টি.পি. এবং সিউয়েজ পাম্পিং স্টেশন পরিদর্শন করেন। এই প্রকল্পের বিষয়ে রাজ্যপালকে বিস্তারিতভাবে অবহিত করা হয়। এরপর রাজ্যপাল চান্দনিমুড়ায় অবস্থিত সিউয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট এবং মেটেরিয়াল রিকোভারি ফ্যাসিলিটি পরিদর্শন করেন। বর্জ্য প্রক্রিয়াকরণ, প্লাস্টিক, পুনর্ব্যবহারযোগ্য পলিথিন, প্লাস্টিক ও কাঁচের বোতল প্রভৃতি পৃথকীকরণ করার বিষয়েও রাজ্যপালকে বিস্তারিত অবহিত করা হয়। এরপর তিনি অমরুত প্রকল্পে নির্মিত ঊষাবাজারস্থিত ৮.০ এম.এল.ডি. জল শোধনাগার প্রকল্প পরিদর্শন করেন। ত্রিপুরা জল বোর্ড পরিচালিত এই প্রকল্প থেকে আগরতলা পুরনিগমের ১, ২ এবং ৩ নম্বর ওয়ার্ডে জল সরবরাহ করা হয়। এই প্রকল্প থেকে ৩,৯৪৭টি পরিবারে জলের সংযোগ দেওয়া হয়েছে। ত্রিপুরা জল বোর্ডের সি.ই.ও. মিহির কান্তি গোপ পরিশোধনাগারের বিষয়ে রাজ্যপালকে বিস্তারিত অবহিত করেন। প্ল্যান্টের সম্মেলন কক্ষে জল বোর্ডের উদ্যোগে একটি সংবর্ধনা অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে বিশেষ অবদানের জন্য রাজ্যপাল কয়েকজন সাফাই কর্মচারিকে সম্মানিত করেন। তিনটি জায়গা পরিদর্শনের সময় আগরতলা পুরনিগমের কমিশনার সাজু বাহিদ এ, ত্রিপুরা জল বোর্ডের সি.ই.ও. মিহির কান্তি গোপ, আগরতলা স্মার্ট সিটি লিমিটেডের সিইও, এস, নায়েক রাজ্যপালের সঙ্গে উপস্থিত ছিলেন।

Exit mobile version