আগরতলা : ত্রিপুরায় ভবিষ্যৎ-প্রস্তুত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল ত্রিপুরা সরকার। স্কিল ডেভেলপমেন্ট অধিদপ্তরের উদ্যোগে এবং আইএইচএফসি ও আইআইটি দিল্লির টেকনোলজি ইনোভেশন হাব (TIH)-এর সহযোগিতায় আজ আগরতলার ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (NIT)-তে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা (PMKVY) ৪.০-এর আওতায় আইআইটি দিল্লি নেতৃত্বাধীন অ্যাডভান্সড আইটি ও উদীয়মান প্রযুক্তি স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের শুভ সূচনা হয়।এই উদ্যোগের মাধ্যমে ত্রিপুরার যুবসমাজকে শিল্পের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উন্নত ও উদীয়মান প্রযুক্তিতে দক্ষ করে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল বিশ্বখ্যাত প্রযুক্তি সংস্থা আইবিএম ও এইচসিএল-এর সঙ্গে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর। এই MoU-এর মাধ্যমে শিল্পভিত্তিক প্রশিক্ষণ, লাইভ প্রজেক্ট, ইন্টার্নশিপ এবং ত্রিপুরার শিক্ষার্থীদের জন্য উন্নত প্লেসমেন্টের সুযোগ আরও সম্প্রসারিত হবে বলে জানানো হয়েছে।পিএমকেভিওয়াই ৪.০ প্রকল্পের অধীনে আইআইটি দিল্লির পক্ষ থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), মেশিন লার্নিং, ব্লকচেইন, 5G এবং ইন্টারনেট অফ থিংস (IoT)-এর মতো অত্যাধুনিক ক্ষেত্রে বিশেষায়িত প্রশিক্ষণ প্রদান করা হবে। এই প্রশিক্ষণে আইআইটি-র শিক্ষকবৃন্দ ও শিল্প বিশেষজ্ঞদের দ্বারা সরাসরি শ্রেণিকক্ষ ও ল্যাবভিত্তিক শিক্ষার ওপর জোর দেওয়া হবে।প্রথম পর্যায়ে NIT আগরতলা, NEILIT আগরতলা, MSME Tool Room আগরতলা এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় মোট ৩০০ জন ইঞ্জিনিয়ারিং স্নাতককে এই কর্মসূচির আওতায় প্রশিক্ষণ দেওয়া হবে।কর্মসূচির উদ্বোধন করেন আইআইটি দিল্লির ডিরেক্টর অধ্যাপক শ্রী রঙ্গন বন্দ্যোপাধ্যায়। তিনি ত্রিপুরা সরকারের এই উদ্যোগের প্রশংসা করে বলেন, এ ধরনের কর্মসূচির মাধ্যমে রাজ্যের শিক্ষার্থীরা ভবিষ্যৎ-প্রস্তুত ও কর্মসংস্থান-প্রস্তুত হয়ে উঠবে।অনুষ্ঠানে উপস্থিত ত্রিপুরা সরকারের সচিব শ্রী কিরণ গিট্টে বলেন, শিক্ষা ও শিল্পের মধ্যকার ব্যবধান কমিয়ে এনে জাতীয় ও আন্তর্জাতিক কর্মবাজারের উপযোগী যুবসমাজ গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য।এই কর্মসূচির মাধ্যমে “স্কিল ত্রিপুরা, স্কিলড ইন্ডিয়া”-র দৃষ্টিভঙ্গি আরও সুদৃঢ় হলো এবং উত্তর-পূর্ব ভারতের উন্নত প্রযুক্তি প্রতিভার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ত্রিপুরার অবস্থান আরও শক্তিশালী হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।





