আগরতলা, ২৪ জুলাই২০২৬ : ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে শুক্রবার রাজ্যের মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবন ঘেরাও কর্মসূচি পালিত হয়। নির্ভীক, সৎ ও কর্তব্যপরায়ণ পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধানখরের রহস্যজনক মৃত্যুর ঘটনায় উচ্চ আদালতের কর্মরত বিচারপতির নেতৃত্বে দ্রুত বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়।কংগ্রেসের দাবি, ঘটনাটির প্রকৃত সত্য উদঘাটন এবং জনমনে তৈরি হওয়া বিভিন্ন প্রশ্নের নিরপেক্ষ জবাব পেতে বিচার বিভাগীয় তদন্ত অপরিহার্য। তাই দ্রুত তদন্ত সম্পন্ন করে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন-সহ দলের অন্যান্য শীর্ষ নেতা ও কর্মীরা। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান তুলে অবিলম্বে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়ার দাবি জানান।
